পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় প্রাণ হারানো তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গন। শোকাহত অধিনায়ক রশিদ খান থেকে শুরু করে ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজ— সবাই কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন হামলার বিরুদ্ধে।
এ ঘটনার পরপরই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ও লাহোরে, ১৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।