সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
তারা জানিয়েছেন, সরকারের ঘোষিত মূল বেতনের ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতার প্রস্তাব ন্যায্য নয়। এ কারণেই তারা এ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে চলমান কর্মবিরতিও আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আমাদের বৈধ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে। সোমবার থেকে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না, প্রশাসনিক কাজ বা পরীক্ষার দায়িত্বও পালন করবেন না।”
অধ্যক্ষ আজিজী আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা সেটি গ্রহণ করিনি। কারণ, তার আশ্বাসে আমাদের আস্থা নেই। প্রয়োজনে আন্দোলন জাতীয়করণের একদফা দাবিতে পরিণত হবে।”
এদিকে, এর আগেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে— এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাজেট সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।