নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক রাসেল মাস্টার।
তিনি বলেছেন, “আমি যে কথাগুলো বলেছিলাম, যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আমি শিক্ষকতা পেশা ছেড়ে দেব।”
সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সময় রাসেল মাস্টারের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি নিজের বাস্তব জীবনের কষ্টের কথা তুলে ধরে বলেন, ছেলেকে ইলিশ মাছের কথা বলে পাঙ্গাশ মাছ খাওয়াতে হয়, আর অর্থের অভাবে স্ত্রীর আবদারে কোথাও ঘুরতে যেতে পারেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
তবে কিছু সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে তাকে ঘুরতে যাওয়া, ভালো খাবার খাওয়া ও আরামদায়ক পরিবেশে দেখা যায়। এতে নেটিজেনদের একাংশ তাকে “মায়াকান্নার অভিনেতা” বলে সমালোচনা শুরু করেন।
এই সমালোচনার জবাবে রাসেল মাস্টার নতুন এক ভিডিও বার্তায় বলেন, “আমি আজ বন্ধুর বাসায় বেড়াতে এসে ভিডিও করছি, তাহলে কি এই বাসাটা আমার হয়ে গেল? কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি মিথ্যা বলেছি, আমি শিক্ষকতা ছেড়ে দেব।”
আরেকটি ভিডিওতে তিনি বলেন, “মানুষের জীবনে বিচিত্রতা থাকতে পারে, বিভিন্ন জায়গায় যাওয়া বা ভালো পোশাক পরা মানে এই নয় যে তার অভাব নেই। শিক্ষা সফরেও তো যাওয়া যায়। একটা ছবি দেখে কারো জীবন বিচার করা উচিত নয়।”
নিজের বাস্তব অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে রাসেল আরও বলেন, “আমি একজন শিক্ষকের সন্তান, বাবার ইচ্ছাতেই শিক্ষকতা পেশায় এসেছি। কিন্তু অভাব-অনটন এখনো পিছু ছাড়েনি। আমি ঋণগ্রস্ত, ধার করে চলি এটাই বাস্তব। একদিন প্রমাণসহ সবার সামনে সব তুলে ধরব।”
রাসেল মাস্টার শেষে বলেন, “আমাদের অবস্থাটা এমন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবু আমরা লড়ছি নিজের পেশার সম্মান ও বেঁচে থাকার অধিকারের জন্য।”