শেখ মাহমুদুল হাসান, কলারোয়া সাতক্ষীরা
কলারোয়ায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত কপাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর ফুটবল একাডেমি। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ২-১ গোলে পরাজিত করে ধুলিহর সুপারস্টার যুব সংঘকে।
উত্তেজনাপূর্ণ এ ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শক। খেলার শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে শ্যামনগরের খেলোয়াড়রা। প্রথমার্ধেই পরপর দুটি গোল করে তারা এগিয়ে যায়। যদিও কিছুক্ষণ পর ধুলিহর একটি গোল শোধ করতে সক্ষম হয়, তবে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে শ্যামনগর ফুটবল একাডেমি।
খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্যামনগরের বাপ্পি। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান উজ্জ্বল, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আমির আলী এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন বাদশা। ম্যাচটি পরিচালনা করেন রেফারি নাসির উদ্দিন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
উল্লেখযোগ্য এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।