২৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোরেলের স্থায়ী কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা চালু করতে যাচ্ছে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)। নতুন এই সেবার আওতায় ঘরে বসেই ক্রেডিট/ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে কার্ড রিচার্জ করা যাবে। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে; পরবর্তীতে মোবাইল অ্যাপ থেকেও সুবিধা যুক্ত হবে।
ডিটিসিএ জানায়, অনলাইন রিচার্জ চালু হলে স্টেশনে ভিড় ও লাইনের চাপ কমবে, যাত্রীরা সময় বাঁচাতে পারবেন। অনলাইনে রিচার্জ সম্পন্ন হলে স্টেশনে প্রবেশের আগে এভিএম (অটোমেটেড ভেন্ডিং মেশিন)–এ কার্ড স্পর্শ করলেই ব্যালেন্স হালনাগাদ হবে।
এ সেবা এমআরটি পাস ও র্যাপিড পাস—দুই ধরনের কার্ডেই পাওয়া যাবে। উত্তরা–মতিঝিল রুটের ১৬টি স্টেশনে স্থাপন করা হচ্ছে মোট ৩২টি এভিএম মেশিন, যাতে যাত্রীরা সহজেই ব্যালেন্স আপডেট করতে পারেন।