জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামে জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের (২০২৩–২৪ সেশন, মাস্টার্স) শিক্ষার্থী মো. রবিউল ইসলাম ১৫ দিন জামালপুর জেলা কারাগারে ছিলেন।
জানা যায়, সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিউল ইসলামের বাবা মারা যাওয়ার পর পরিবারের বড় ছেলে হিসেবে তিনি সংসারের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বসতঘরের সামনে নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে চাচা আব্দুল আলীম ও চাচি আঞ্জুয়ারা বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
রবিউল ইসলামের পরিবার জানায়, ২০১৭ সালে আব্দুল আলীম একটি এমপিওভুক্ত মাদ্রাসায় চাকরি নেওয়ার সময় পারিবারিক সম্পত্তি বিক্রি করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি সেই বিষয়টি অস্বীকার করে সম্পত্তির দাবি করেন। বিরোধের একপর্যায়ে রবিউল ইসলাম নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে মাহমুদপুর পুলিশ ফাঁড়ি ও মেলান্দহ থানায় লিখিত আবেদন করেন।
গত ১৫ জুন ২০২৬ রাত প্রায় ১টার দিকে পুলিশ রবিউল ইসলাম ও তার ছোট ভাই সিয়ামকে আটক করে। পরদিন সারাদিন মেলান্দহ থানায় রাখার পর বিকেল ৩টার দিকে আদালতে পাঠানো হয়। পরে তারা জামালপুর জেলা কারাগারে ১৫ দিন কারাভোগ করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনার সূত্রপাত এবং তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।