নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। পাটওয়ারীর করা চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়ন এ মামলা দায়ের করেন।
ঘটনাটি নিয়ে শনিবার (১ নভেম্বর) নিজের অবস্থান ব্যাখ্যা করেন নয়ন। তিনি বলেন, “পাটওয়ারী ভাই, আপনি শিক্ষিত মানুষ। আপনার কাছ থেকে জাতি এমন বিভ্রান্তি আশা করে না। যারা মিথ্যা প্রচার চালায়, তারা হয় মানসিকভাবে অসুস্থ, না হয় মাদকাসক্ত। অন্যথায় নিশ্চয়ই কোনো গোপন এজেন্ডা বা টাকার লেনদেন আছে।”
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়ন অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায় সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, “আমার বিষয়ে যে অভিযোগ তুলেছেন, তার কোনো ভিত্তি নেই। চাঁদাবাজি তো দূরের কথা, আমি জীবনে কাউকে প্রতারণা করিনি। রাজনৈতিক মামলা ছাড়া আমার নামে আর কোনো মামলা নেই।”
এর আগে রাজধানীর পল্টনে আয়োজিত “জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির যুবদলের ঢাকা মহানগরের একজন নেতা নয়ন যে পরিমাণ টাকা চাঁদাবাজি ও দুর্নীতি করেছে, সেই টাকায় বাংলাদেশে একটি গণভোট আয়োজন করা সম্ভব।”
তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নয়নের পাল্টা প্রতিক্রিয়া আসে।