নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। ওই ওষুধ সেবনের পর এক ক্রেতা অসুস্থ হয়ে পড়লেও প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার বটতলীতে শফিউদ্দিন প্লাজার নিচতলায় অবস্থিত মাস্টার ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মাহাবুর জানান, গলার সমস্যার জন্য তিনি দোকান মালিক মো. রওশন আলীর কাছ থেকে ‘ইবাটিন’ (Ebastine BP) সিরাপ কেনেন। ওষুধটি সেবনের পরই বুকে জ্বালা-পোড়া ও বমি শুরু হয়। পরে প্রতিবেশী সাব্বির রহমান বোতলটি পরীক্ষা করে দেখেন, ওষুধটির মেয়াদ ২০২২ সালের এপ্রিলে শেষ হয়ে গেছে।
স্থানীয়রা দোকানে গিয়ে আরও বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত অবস্থায় পান। তদন্তে জানা যায়, ফার্মেসির লাইসেন্স ২০২২ সালের ৮ সেপ্টেম্বরেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। তবু দোকানটি প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে কোনো বাধা ছাড়াই।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলীকে জানানো হলে তিনি বলেন, “দোকানের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হওয়ার পরই প্রশাসন নড়াচড়া করে। ফুলবাড়ীতে বহু লাইসেন্সবিহীন ফার্মেসি চলছে বছরের পর বছর ধরে।”
দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান, “অভিযান চলাকালে বিষয়টি দেখা হবে।”
স্থানীয়দের দাবি, প্রশাসন শুধু ‘দেখা হবে’ বলেই দায়িত্ব শেষ করতে পারে না। ফুলবাড়ীসহ পুরো উপজেলায় লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে এখনই অভিযান চালিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।