নিজস্ব প্রতিবেদক:
ফুলবাড়ী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একটি ফেসবুক পেজে তরুণ তরুণীদের ছবি ও মন্তব্য অনুমতি ছাড়াই প্রকাশ করে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন এক ভুক্তভোগী।
“Fulbari Crush and Confessions (Vaia)” নামের ওই ফেসবুক পেজে স্থানীয় ছেলে মেয়েদের ছবি নিয়ে কৌতুক, বিদ্রূপ বা অপমানজনক লেখা পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরুণদের ব্যক্তিগত ছবি প্রকাশ করায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে।
এ ঘটনায় মো. হৃদয় আহমেদ নামে স্থানীয় এক যুবক ৪ নভেম্বর মিঠাপুকুর থানায় জিডি করেন। তাঁর করা জিডির ট্র্যাকিং নম্বর P2HH6P। জিডিতে তিনি উল্লেখ করেন, কোনো অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে এবং ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, অভিযোগকারীসহ এলাকার অনেকের ছবি ও নাম বিকৃত করে প্রকাশ করা হচ্ছে।
হৃদয় আহমেদ বলেন, ‘একটার পর একটা পোস্ট দিয়ে আমাদের নিয়ে উপহাস করা হচ্ছে। আমার ব্যক্তিগত ছবিও বিকৃত ক্যাপশনে ব্যবহার করেছে। বাধ্য হয়েই থানায় জিডি করেছি।’
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পেজটি বিনা অনুমতিতে ছবি ভিডিয়ো ব্যবহার করছে। অনেক শিক্ষার্থী এতে বিব্রত হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সামাজিক সম্মানহানির আশঙ্কায়।
মিঠাপুকুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পেজটি পরিচালনা কারা করে, তারা কোথা থেকে ছবি সংগ্রহ করছে এবং কোনো আইন লঙ্ঘন হচ্ছে কি না এসব বিষয় তদন্ত করা হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কারও সম্মতি ছাড়া ছবি প্রকাশ ও অপমানজনক বক্তব্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয়রা চান, দ্রুত তদন্ত করে পেজটি বন্ধসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে একাধিক অভিভাবক ও তরুণ বলেন, ‘আমরা চাই এ ধরনের পেজ যেন আর কেউ পরিচালনা করতে না পারে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।’