বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মনে করে, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র বা রাজনীতির কোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।