নূর মোহাম্মাদ
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক ছাত্র ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মরহুম আবু নাসের মোঃ নুর নবী (জনি ভাই)-এর স্মরণে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিল সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব মাদ্রাসা মসজিদে নামাজ আদায়ের পর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রাক্তন ছাত্র, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে জনি ভাইয়ের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তার নিষ্ঠা, হাসিখুশি স্বভাব এবং অ্যালামনাই কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ওবায়দুল হক। তিনি বলেন,
“জনি ভাই ছিলেন আমাদের অ্যালামনাই পরিবারের মূল্যবান সদস্য। তার মত নিবেদিতপ্রাণ মানুষ খুব কমই দেখা যায়। আজ আমরা তার জন্য দোয়া করেছি—আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়ার প্রাক্তন অসংখ্য খ্যাতিমান ছাত্র, যারা বর্তমানে দেশের শিক্ষা, বিচার, প্রশাসন, মিডিয়া, ব্যবসা ও ধর্মীয় অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাথে প্রতিনিধিত্ব করছেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো মর্যাদাপূর্ণ ও আবেগঘন হয়ে ওঠে।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ। অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে স্মরণসভা শেষ হয়। সবাই মরহুম জনি ভাইয়ের কাজ ও অবদানের স্মৃতি ধরে রেখে অ্যালামনাই কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।