বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে তাঁরা অলীক কল্পনা কিংবা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, বরং যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন।
শুক্রবার (আজ) সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের আটটি জেলা সফরের মাধ্যমে জামায়াতের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তিনি।
ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘ভোট শুধু আপনাদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, নিঃসংকোচে তাকেই ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের একটি ভোটই নির্ধারণ করে দেবে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে।’
একজন ব্যক্তি দুটি ভোট দিতে পারবেন—এ কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, একটি ভোট হবে সরকার গঠনের জন্য, অপরটি হবে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট। এ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘১৭ বছরের বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির বিকাশ ঘটাতে হবে। যাঁরা গত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতি চান না এবং রাজনীতিতে আমূল পরিবর্তন চান, তাঁরা গণভোটে অবশ্যই “হ্যাঁ” ভোট দেবেন বলে আমরা আশা করি।’
তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের এই প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি—আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব।’
জামায়াতের আমির জানান, ঢাকার বাইরে আজকের এই সফরের মধ্য দিয়ে তাঁদের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হলো। জনগণের মনোভাব বুঝে এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চান তাঁরা।
তিনি বলেন, ‘দেশবাসীর ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে আমরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, বরং বাস্তবতা ও যৌক্তিকতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব—ইনশা আল্লাহ।’
জামায়াতের নির্বাচনী স্লোগান তুলে ধরে তিনি বলেন,
“এসো একসাথে গড়ি বাংলাদেশ।”