
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির স্থগিত হওয়া সভাপতির পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নিমতলা মোড়ে বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান এবং ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর দুইটায় অধ্যক্ষ খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে বরণ করতে হাজারো নেতা–কর্মী ও সমর্থক উপস্থিত হন। ফুলেল শুভেচ্ছায় তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে এক বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে ফুলবাড়ীতে আনা হয়।
ফুলবাড়ী পৌর শহরের উর্বশী মোড়ে খোলা মঞ্চে আবারও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন নেতা–কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
নেতা–কর্মীরা জানান, অধ্যক্ষ খুরশিদ আলম মতি শুধু বিএনপির নেতা নন, তিনি ফুলবাড়ী অঞ্চলের মানুষের অভিভাবক। তাকে পদচ্যুত করার পর দলীয় নেতা–কর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় তারা আবারও সেই অভিভাবককে ফিরে পেয়েছেন।
সংবর্ধনায় অংশ নিতে দলীয় নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ঢল নামে। স্থানীয়দের ভাষ্যমতে, অধ্যক্ষ খুরশিদ আলম মতি এ অঞ্চলের সাধারণ মানুষেরও প্রিয় অভিভাবক; তার পদ ফিরে পাওয়ায় এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়।
Reporter Name 











