
ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা–৭ আসনের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় ঢাকা–৭ আসনের এমপি প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে বলেন, একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়তে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, পুরান ঢাকাকে একটি “সোনার ঢাকা”-তে রূপান্তর করা হবে, যেখানে ন্যায়বিচার, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনোই আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে বলেন, তারা বিদেশি প্রভাব ও অন্যায় চাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে। জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
নুর মোহাম্মাদ 















