
নিজস্ব প্রতিবেদক
আলজেরিয়ার ৭১তম জাতীয় দিবসে দেশটির জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আলজেরিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানির মাধ্যমে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রতিনিধি দল রাষ্ট্রদূতের প্রতি বাংলাদেশের প্রতি তাঁর বন্ধুত্বপূর্ণ মনোভাব, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করে। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।
এ সময় রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানি জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম নিয়মিতভাবে অনুসরণ করেন এবং দলটির প্রতিনিধিদলকে আলজেরিয়া দূতাবাসে বিশেষভাবে আমন্ত্রণ জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজি এবং আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।
Reporter Name 











