
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট করা হবে তার ধরন এবং দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অভিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের কথা বলা হয়েছে সেই গণভোটের প্রশ্ন, ধরণ, দিনক্ষণ জাতির কাছে পরিস্কার করতে হবে। একই সঙ্গে এই জুলাই সনদ সেটা যে সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে, মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণের সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে তারই অংশ হিসেবে এটা প্রণিত হবে সেটা আমাদের কাছে পরিস্কার করতে হবে।
Reporter Name 











