
মোঃ সোহানুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। ছোট-বড় মিলিয়ে এ দেশে আনুমানিক চার লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদের মধ্যে কিছু মসজিদ তাদের ব্যতিক্রমী স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্যের কারণে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করে। তেমনই এক অনন্য মসজিদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাফগঞ্জ বাজার এলাকায় অবস্থিত, যা ভারতের ঐতিহাসিক তাজমহলের আদলে নির্মিত।
স্থানীয় সূত্র জানায়, মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালে। দীর্ঘ পরিকল্পনা ও পর্যায়ক্রমিক নির্মাণকাজ শেষে বর্তমানে এটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মসজিদটি দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত।
সাদা রঙের মার্বেল সদৃশ নকশা, সুচারু গম্বুজ ও নান্দনিক মিনার মসজিদটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। তাজমহলের আদলে নির্মিত হওয়ায় অল্প সময়ের মধ্যেই এটি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীরা মসজিদটি এক নজর দেখার জন্য ভিড় করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই মসজিদটি কেবল ইবাদতের স্থান হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন আকর্ষণ হিসেবেও ভবিষ্যতে ভূমিকা রাখবে। এলাকাবাসীর কাছে মসজিদটি ইতোমধ্যেই গর্বের প্রতীক হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 











