
দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষে কেন্দ্রগুলোতে শুরু হয়েছে গণনা কার্যক্রম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় মোট ভোট কাস্ট হয়েছে ৭১.০২ শতাংশ। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অংশগ্রহণমূলক এ নির্বাচনে ভোট দিতে পেরে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সকালবেলায় কিছু কেন্দ্রে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। শীত ও কুয়াশা উপেক্ষা করে অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়ান। দুপুরের পর বেশ কয়েকটি কেন্দ্রে লাইন কেন্দ্রের বাইরে সড়ক পর্যন্ত বিস্তৃত হতে দেখা যায়। নারী ও নতুন ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সকাল থেকে বিভিন্ন প্রার্থী নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানান। <span;>”তবে স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী (মোটরসাইকেল প্রতীক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ হাছান জানান, ফুলবাড়ী উপজেলায় মোট ৫২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৯৪৪ জন, নারী ভোটার ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক তদারকি করেছেন।
ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রগুলোতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে গণনা চলছে। ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।
আমিনুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: 











