
মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরাম, ঢাকার উদ্যোগে বার্ষিক ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান রুমি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সাব্বির হোসেন খান, আলমগীর সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফল উৎসবকে কেন্দ্র করে উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং তারা সৌহার্দ্যপূর্ণ সময় উপভোগ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি শাকিল আহমেদ ভবিষ্যতে শিক্ষার্থী ও মির্জাগঞ্জবাসীদের সম্পৃক্ত করে আরও বৃহৎ পরিসরে শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোর সমাহার ডেস্ক 













