
মোহাম্মদ ফাইজুল্লাহ, ঢাকা সিটি রিপোর্টার
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫”-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।
এসব সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করার আশ্বাস দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এক দফা দাবিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির লক্ষ্যে আগামী সোমবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত ও ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। ওই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনের নেতারা।
Reporter Name 














